পেপ গার্দিওলা নিলেন দীর্ঘ বিরতির ঘোষণা, বার্সেলোনায় ফিরলেও ডাগ আউটে থাকবেন না
- আপডেট সময় : ০৬:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 58
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন স্প্যানিশ ফুটবল কোচ পেপ গার্দিওলা, যা ২০২৭ সালের জুনে শেষ হবে। কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছিল, এই চুক্তি নবায়নের কারণে গার্দিওলার ব্যক্তিজীবনে সংঘাত তৈরি হয়েছিল। তবে সংসার বাঁচাতে এবং নিজের স্বাস্থ্য ও মানসিকতার জন্য গার্দিওলা কোচিং ক্যারিয়ারে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এক সাক্ষাৎকারে গার্দিওলা জানিয়েছেন, ম্যানচেস্টারের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হওয়ার পর তিনি কোচিং থেকে বিরতি নেবেন, যা এক থেকে পনেরো বছর পর্যন্ত হতে পারে। তিনি বলেছেন, ‘আমার এখন একটু থামার দরকার, নিজের প্রতি এবং শরীরের প্রতি নজর দিতে চাই।’
তাঁর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গার্দিওলা স্পষ্ট করেছেন, ম্যানচেস্টারের দায়িত্ব শেষ হলে তিনি কাতালুনিয়ায় ফিরে যাবেন, যেখানে তার পরিবার রয়েছে। বার্সেলোনায় ফিরলেও তিনি ডাগ আউটে কোচের দায়িত্ব নেবেন না। গার্দিওলা বলেন, ‘বার্সেলোনার অধ্যায় আমার জীবনে শেষ হয়ে গেছে। এটি ছিল অসাধারণ সময়, কিন্তু এখন আর সেই অধ্যায় নেই। আমি কখনো বার্সার প্রেসিডেন্টও হতে চাইব না কারণ আমি তার যোগ্য নই।’
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি—এই তিন দলে দায়িত্ব পালন করা গার্দিওলা বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচদের একজন। এখন তিনি তার জীবন ও পরিবারের প্রতি সময় দিতে চান, যা দিয়ে স্পষ্ট হচ্ছে তাঁর কোচিং ক্যারিয়ারের এক বিরল বিরতি আসছে।
















