এশিয়া কাপ স্থগিত করা হলো
- আপডেট সময় : ০১:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 44
অনলাইন ডেস্ক:
চলতি জুন মাসে শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে হঠাৎ করেই টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মূলত শ্রীলঙ্কার বিরূপ আবহাওয়া এবং দেশটিতে নতুন করে দেখা দেওয়া স্বাস্থ্যঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসিসি।
এসিসি এক বিবৃতিতে জানায়, “আগামী ৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেটের অনুরোধে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।”
এই সিদ্ধান্তের পেছনে প্রধান দুটি কারণ হিসেবে উঠে এসেছে—প্রবল বর্ষণের আশঙ্কা এবং শ্রীলঙ্কায় হঠাৎ করে আবারও দেখা দেওয়া চিকুনগুনিয়া ভাইরাস। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠায় দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, প্রায় ১৪ বছর পর ২০২৪ সালের শেষদিক থেকে শ্রীলঙ্কায় আবারও ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়া ভাইরাস। ২০২৫ সালের মে মাসেও ভাইরাসটির উপস্থিতি দেখা গেছে, যা খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে।
এসব পরিস্থিতি বিবেচনায় রেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির চেয়ারম্যান মহসিন নাকভির কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে টুর্নামেন্টটি স্থগিত করার অনুরোধ জানানো হয়। চিঠিতে আবহাওয়ার পূর্বাভাস ও ভাইরাস সংক্রমণের সব তথ্য তুলে ধরেন তিনি। পরবর্তীতে এসিসি বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
এই স্থগিতাদেশের ফলে টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুতি নেওয়া দেশগুলোকে নতুন সূচির জন্য অপেক্ষা করতে হবে।
















