যশোরের শার্শায় জামায়াত ছাড়লেন ৯ কর্মী, বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ০১:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 29
যশোরের শার্শা উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
যোগদানকারীরা হলেন— মৃত মুনসুর আলির পাঁচ ছেলে হাজি আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি, মৃত আব্দুল মাজেদ গাজির ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজির ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন। তারা দীর্ঘদিন ধরে বাগআঁচড়া ইউনিয়নের টেংরা ৮নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ও সমর্থক ছিলেন।
বিএনপিতে যোগদানের পর নবাগতরা জানান, তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে জামায়াতের রাজনীতি থেকে সরে এসে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনাও করেন তারা।
এ বিষয়ে শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান বলেন, “যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা খাতা-কলমে জামায়াতের কর্মী ছিলেন না। তবে তারা জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়ভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই তারা বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন।”
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, একদিকে বিএনপি থেকে জামায়াতে যোগদান এবং অন্যদিকে জামায়াত থেকে বিএনপিতে আসা— এ ধরনের ঘটনাগুলো শার্শাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাঠ-পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি করছে।











