চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার
- আপডেট সময় : ১২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 31
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কৃত হয়েছেন। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
রোববার (৩১ আগস্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উদয় কুসুম বড়ুয়া দলের নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে উদয় কুসুম বড়ুয়া ফেসবুকে একটি পোস্ট করেন। এছাড়াও তার বিরুদ্ধে পরিস্থিতি উত্তেজিত করার অভিযোগও রয়েছে। এই ঘটনায় বিএনপির শৃঙ্খলা রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কারের পর দলের এক শীর্ষ নেতা সাংবাদিকদের জানিয়েছেন, “দলের শৃঙ্খলা এবং সংগঠনের স্বার্থ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সদস্য দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”












