রাজাকারি কোনো স্লোগান এই দেশে শুনতে চাই না: ফজলুর রহমান
- আপডেট সময় : ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 32
বাংলাদেশে আর কোনো রাজাকারি স্লোগান শুনতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান। তিনি বলেন, “আমি মুক্তির স্লোগান চাই, প্রগতির স্লোগান চাই।”
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের প্রতি আমার অনুরোধ, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ো, মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ো। এটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলোচিত এই রাজনীতিবিদ এমন মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থান নিয়ে একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি তাকে সাময়িক শাস্তি দিয়েছে। দলটির পক্ষ থেকে তাকে সব পদ থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
চলতি মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের ছবি প্রদর্শিত হয়। পরে বাম সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ছবি সরিয়ে নেয়। এ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, “আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম বা নিজামীদের ছবি প্রদর্শিত হোক। আবার এমন স্লোগানও শুনতে চাই না যেখানে বলা হয় ‘গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার স্থান নাই’। আমি এই দেশে কোনো রাজাকারি স্লোগান শুনতে চাই না।”
তরুণ প্রজন্মকে স্লোগান দেওয়ার সময় দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “অশ্লীল যে স্লোগানগুলো তোমরা দাও, সেগুলো থেকে বিরত থাকো। নাহলে জাতি হিসেবে আমাদের মাথা নত হয়ে যাবে।”












