হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে: ডাকসু প্রার্থী সর্ব মিত্র চাকমা
- আপডেট সময় : ০১:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 30
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, দেশের মিডিয়া জগতকে খুব অল্প সময়েই তিনি চেনার সুযোগ পেয়েছেন এবং এ প্রক্রিয়ায় তিনি হতাশ হয়েছেন।
শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সর্ব মিত্র চাকমা লিখেছেন, “আমি বুঝতে পেরেছি, কীভাবে একসময় ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী মিডিয়াকে ব্যবহার করে নিজেদের পক্ষে সম্মতি তৈরি করত। এখনো একইভাবে প্রশ্ন সাজানো হয়।”
তিনি দাবি করেন, সম্প্রতি একটি বামপন্থী গণমাধ্যম তার কাছে মুক্তিযুদ্ধ ও পাহাড় ইস্যুতে প্রশ্ন তুললেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার পরিকল্পনা কিংবা স্বপ্ন নিয়ে কিছু জানার আগ্রহ দেখায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “ওরা আসল উদ্দেশ্যে প্রশ্ন করেনি, বরং আমার মুখ থেকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত কিছু বের করে আনতে চাইছিল।”
তবে এসব পরিস্থিতিতে বিচলিত নন বলে জানিয়েছেন সর্ব মিত্র। বরং তিনি হাসিমুখেই সব সামলাচ্ছেন।
হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান প্রকাশ করে তিনি বলেন, “স্রেফ ঘোষণা করছি— হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হয়েছে। সময় আসবে, আপনাদের পতন আমার হাত ধরেই হবে।”













