জাকসুর হল সংসদ এজিএস পদে আলোচনায় ওয়ালী উল্লাহ মাহাদী
- আপডেট সময় : ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 48
দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এরই মধ্যে আলোচনায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ওয়ালী উল্লাহ আল মাহাদী। তিনি ২১ নম্বর হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাহাদী বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের “কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব”-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কন্টিনজেন্টের সার্জেন্ট এবং প্লাটুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠন পরিচালনা ও নেতৃত্বে তার অভিজ্ঞতা ইতোমধ্যেই শিক্ষার্থীদের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে মাহাদীর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করলে অনেকেই বলেন, ক্যাম্পাসে যে কোনো সমস্যায় পড়লে তিনি সবসময় পাশে দাঁড়ান। ব্যক্তিগত স্বার্থ বিবেচনা না করে দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের পাশে থেকে দিকনির্দেশনা দেন। এজন্যই ক্যাম্পাসে তার আলাদা সুনাম গড়ে উঠেছে।
আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে ইতোমধ্যে তার সহপাঠী ও সমর্থকরা প্রচারণা শুরু করেছেন। শিক্ষার্থীদের আশা, প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা এই প্রার্থী সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
নিজের নির্বাচনী অঙ্গীকার নিয়ে মাহাদী সাংবাদিকদের বলেন, “আমি নির্বাচিত হলে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবো। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”
নির্বাচনী ইশতেহারে তিনি যেসব অঙ্গীকার তুলে ধরেছেন সেগুলো হলো—
– র্যাগিং বন্ধ করে হল প্রশাসনের উদ্যোগে নবীন বরণ আয়োজন।
– ক্যান্টিন সমস্যার যৌক্তিক সমাধান।
– জিমনেসিয়ামে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিশ্চিতকরণ।
– মসজিদে নামাজের পরিবেশ উন্নয়ন ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন।
– রিডিং রুমে পাঠাগার স্থাপন।
– সাইকেল ও মোটরসাইকেল পার্কিংয়ের যৌক্তিক ব্যবস্থাপনা।
– হলে সেলুন স্থাপন।
– ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা।
– পরিত্যক্ত জায়গা ব্যবহার করে খেলাধুলার ব্যবস্থা।
– ডাইনিং চালুর লক্ষ্যে দ্রুত গ্যাস সংযোগের ব্যবস্থা।
মাহাদী আরও বলেন, “আমি চাই শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সঙ্গী হতে এবং ক্যাম্পাস প্রাঙ্গণে অপরাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে।”
এবারের জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির প্রত্যাশা বাড়ছে। আর সেই নেতৃত্বে সম্ভাবনাময় মুখ হিসেবে ওয়ালী উল্লাহ মাহাদী ইতোমধ্যেই শিক্ষার্থীদের আলোচনায় জায়গা করে নিয়েছেন।













