বিপিএলে ‘নোয়াখালী রয়্যালস’ আনতে চায় লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস
- আপডেট সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 70
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘নোয়াখালী রয়্যালস’ নামের একটি দল যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুরোপুরি প্রস্তুত এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত রেখেছে।
সোমবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ান গ্লোবালসের লন্ডনপ্রবাসী পরিচালক ও ব্যবসায়ী আহমেদ জামিল বলেন, “আমরা বিসিবিকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ফ্র্যাঞ্চাইজি দল গঠনের সব দিক বিবেচনা করে পরিকল্পনা করেছি। আশা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাদের প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ হবে।”
বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি দলের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত পূরণ করে আবেদন করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। পরে স্বচ্ছ ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করবে বিসিবি।
এদিকে সোমবার বিসিবির বোর্ড সভায় বিপিএলের গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মাহবুব আনাম-কে দায়িত্ব দেওয়া হয়েছে। একই বোর্ড সভায় আসন্ন আসরের বাজেট পাশসহ বিপিএল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
বিসিবি ইতোমধ্যেই আগামী ডিসেম্বর-জানুয়ারির সময়কে ২০২5 বিপিএল আয়োজনের জন্য নির্ধারিত রেখেছে, যদিও এখনও চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, গত আসরে দর্শকদের বিপুল সাড়া পাওয়া গেলেও কিছু ফ্র্যাঞ্চাইজির আর্থিক অনিয়ম ও পারিশ্রমিক পরিশোধে গাফিলতির কারণে বিপিএল সমালোচিত হয়েছিল। দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, এবং ঢাকা ক্যাপিটালস নামের তিনটি নতুন দল অংশ নেয়। তবে রাজশাহী ও চিটাগং কর্তৃপক্ষের বিরুদ্ধে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারিশ্রমিক পরিশোধ না করা সহ একাধিক অনিয়মের অভিযোগ ওঠে।
এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে এবার বিসিবি ফ্র্যাঞ্চাইজি নির্বাচন প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চায়। এমনকি ভালো মানের দল না পেলে মাত্র পাঁচটি দল নিয়েও বিপিএল আয়োজন করতে পারে বলে বিসিবি আগেই জানিয়েছে।
নোয়াখালীবাসীর জন্য এটি হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত—যদি নোয়াখালী রয়্যালস নামে একটি দল বিপিএলে জায়গা করে নেয়। সায়ান গ্লোবালসের পক্ষ থেকে সেই সম্ভাবনা জোরালো করা হচ্ছে। এখন দেখার পালা, বিসিবি তাদের প্রস্তাবে কী সাড়া দেয়।
















