তাসকিন আহমেদ মারধরের অভিযোগ অস্বীকার, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- আপডেট সময় : ০২:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 60
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ নিজের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসকিন লিখেছেন, “সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি—এমন গুজব ছড়ানো হচ্ছে। দয়া করে এমন ভিত্তিহীন খবর বিশ্বাস করবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।”
তাসকিন আরও লিখেছেন, “এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক নয়। যা ঘটেছে, সেই বিষয়ে আমার বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। বিষয়টি যে পর্যায়ে গিয়েছে, তা কোনোভাবেই হওয়ার কথা নয়। সত্য কখনো মিথ্যা হয় না, তাই সত্যের পাশে থাকুন।”
এর আগে তাসকিন দেশের এক গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ “পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন”। তিনি দাবি করেন, “আমি কাউকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। আমার বন্ধু রসি নামে একজনকে তারা মারধর করেছে, এজন্য পুলিশে যোগাযোগ করি। পরে উল্টো আমার বিরুদ্ধে জিডি করা হয়েছে।”
উল্লেখ্য, তাসকিনের বিরুদ্ধে গতকাল রাতে তার শৈশব বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সৌরভ অভিযোগ করেন, তাসকিন তাকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান এবং কিল-ঘুষি মেরে জখম করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন।
















