ছেলে থেকে মেয়ে, এখন খেলবেন ভারতের ক্রিকেট দলে!
- আপডেট সময় : ০৫:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 47
অনলাইন ডেস্ক:
জন্মগতভাবে পুরুষ দেহে হলেও ছোটবেলা থেকেই নিজেকে নারী হিসেবে অনুভব করতেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান বাঙ্গার। নিজের সত্যিকারের পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিদেশে লিঙ্গ পরিবর্তনের জেন্ডার রি-অ্যাসাইনমেন্ট সার্জারি সম্পন্ন করেছেন তিনি। নতুন পরিচয়ে এখন তিনি অনায়া বাঙ্গার—শারীরিক ও মানসিকভাবে একজন সম্পূর্ণ নারী।
এই বড় সিদ্ধান্ত তার ক্রিকেট জীবনেও এনেছে বড় পরিবর্তন। পুরুষদের ক্রিকেট ছেড়ে এখন ভারতের নারী ক্রিকেট দলে জায়গা করে নিতে চান অনায়া। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় অনায়া জানিয়েছেন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির (এইচআরটি) ফলে তার দেহের পেশিশক্তি, সহনশীলতা, গ্লুকোজ ও অক্সিজেন গ্রহণের মাত্রা এখন একজন সাধারণ নারী ক্রীড়াবিদের মতোই। এক বছর ধরে ম্যানচেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এই চিকিৎসা সম্পন্ন করেছেন তিনি। অনায়া একটি বিজ্ঞানসম্মত রিপোর্টও প্রস্তুত করেছেন, যা বিসিসিআই ও আইসিসিকে জমা দিয়ে তার যোগ্যতা প্রমাণ করতে চান।
ভিডিও বার্তায় অনায়া বলেন, ‘বিজ্ঞান বলছে আমি মহিলাদের ক্রিকেট খেলার জন্য পুরোপুরি যোগ্য। কিন্তু প্রশ্ন হলো, সত্যটা শোনার জন্য সবাই কি প্রস্তুত? আমি চাই যোগ্যতা দিয়েই জায়গা করে নিতে।’
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আইসিসি রূপান্তরিত ক্রীড়াবিদদের জন্য নীতি কিছুটা শিথিল করেছে। অনায়া সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান। এখন সবার নজর বিসিসিআই ও আইসিসির সিদ্ধান্তের দিকে। অনায়ার এই সাহসী যাত্রা কি ভারতীয় ক্রিকেটে নতুন দিগন্ত খুলবে, নাকি নিয়মের জটিলতায় আটকে যাবে তার স্বপ্ন—সেটিই দেখার অপেক্ষা।
















