সিঙ্গাপুর ওপেনে দলগত স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লো বাংলাদেশের জিমন্যাস্টরা
- আপডেট সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 73
স্পোর্টস ডেস্ক:
সিঙ্গাপুর ওপেন মেন’স আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে দলগত স্বর্ণপদক জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। শুক্রবার (২৯ মে) টুর্নামেন্টের প্রথম দিনে এই সাফল্য এনে দেন বাংলাদেশের উদীয়মান তিন জিমন্যাস্ট—প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা ও মেন্তোন টনি ম্রো।
শুধু দলগত স্বর্ণই নয়, এদিন আরও দুটি গুরুত্বপূর্ণ পদক যোগ হয়েছে বাংলাদেশের ঝুলিতে। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ড বিভাগে প্রেন্থই ম্রো ব্রোঞ্জ পদক অর্জন করেন। পাশাপাশি মেন’স সিনিয়র দলগত বিভাগেও বাংলাদেশ অর্জন করে রৌপ্যপদক।
সিনিয়র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রাজীব চাকমা, ওহাই মং মার্মা, মোহাম্মদ রাফি আহমেদ ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত জ্যাক আশিকুল ইসলাম। আন্তর্জাতিক আসরে এই প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে অংশ নেন জ্যাক।
টুর্নামেন্টের শুরুতেই এমন চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন ও ক্রীড়ামোদীরা। জুনিয়র ও সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক পদক জয় বাংলাদেশের জিমন্যাস্টিকস অঙ্গনের জন্য এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
















