আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন সভাপতি নির্বাচিত
- আপডেট সময় : ১২:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 59
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার আগে তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করেছেন।
শুক্রবার (৩১ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি প্রজ্ঞাপন জারি করে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এরপর ক্রিকেট বোর্ডের পরিচালকদের একটি সভায় পরিচালকদের সরাসরি ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
এর আগে, ২০২৪ সালের আগস্টে কোটা সংস্কার আন্দোলনের জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর দেশে সরকার পরিবর্তনের ধারাবাহিকতায় বিভিন্ন ক্রীড়া সংগঠনেও পরিবর্তন শুরু হয়। সেই প্রেক্ষাপটেই বিসিবিতে আসে নতুন নেতৃত্ব।
আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে এনএসসি। এরপর পরিচালকদের ভোটে তিনিই সভাপতি নির্বাচিত হন। তবে দায়িত্ব পালনের মাত্র ৯ মাসের মাথায়, ২০২৫ সালের ২৯ মে পরিচালকদের অনাস্থার কারণে এনএসসি তার পরিচালক পদ প্রত্যাহার করে নেয়। এর ফলে তিনি বিসিবি সভাপতির পদে থাকার যোগ্যতা হারান।
ফারুক আহমেদের অপসারণের পর শূন্য হওয়া পদে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
















