টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা
- আপডেট সময় : ০৪:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 94
স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্রিকেটের সাদা জার্সিকে চিরতরে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক রোহিত শর্মা। আজ বুধবার এক ভিডিও বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার।
রোহিত বলেন, “হ্যালো, সকলকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”
তিনি আরও জানান, ভারতের টেস্ট দলে প্রতিনিধিত্ব করা তার জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়গুলোর একটি। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব।”
রোহিত শর্মা ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন। এই ফরম্যাটে তিনি ১২টি শতক ও ১৮টি অর্ধশতকের সাহায্যে করেছেন ৪,৩০১ রান। যদিও ওডিআইই রোহিতের সবচেয়ে প্রিয় ফরম্যাট, যেখানে তার অর্জনের ঝুলি অনেক বেশি সমৃদ্ধ। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক। তার ২৬৪ রানের ইনিংস এখনো ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
ওয়ানডেতে তিনি এখন পর্যন্ত ২৭৩ ম্যাচে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি ফিফটির সাহায্যে করেছেন ১১,১৬৭ রান।
২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নেন রোহিত। এবার বিদায় নিলেন ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ফরম্যাট থেকেও। তবে ওয়ানডেতে তার ব্যাটের দ্যুতি এখনও ছড়াবে, এটাই রয়ে গেলো ভক্তদের একমাত্র সান্ত্বনা।
















