ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম
- আপডেট সময় : ০১:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 61
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইশরাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত বছরের ১৯ আগস্ট, শেখ ফজলে নূর তাপসসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। এরপর নৌকা প্রতীকে নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসকে সরকারি গেজেট থেকে বাতিল করা হয় এবং আদালতের রায়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
এদিকে, ইশরাককে মেয়র ঘোষণা করার পর নিজের সংসদ সদস্য (এমপি) পদ দাবি করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, তাই আমার ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক।”
হিরো আলমের এই স্ট্যাটাসে নেটিজেনদের ব্যাপক সমর্থন দেখা গেছে। অনেকে তার দাবিকে “যৌক্তিক” বলছেন। কেউ মন্তব্য করেছেন, “ইশরাক যদি মেয়র হতে পারেন, তাহলে হিরো আলম কেন এমপি হতে পারবেন না?”
এর আগে হিরো আলম জানিয়েছিলেন, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বা নির্বাচনে অংশ নেবেন না। তবে, আজ নতুন করে এমপি পদ ফিরে পাওয়ার দাবি জানিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।
















