পাকিস্তানের বিমান ধ্বংস নিয়ে ভারতের দাবি আসলে ‘মনে মনে সুখ’
- আপডেট সময় : ১১:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 43
চলতি বছরের মে মাসে সামরিক সংঘাত চলাকালীন পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি বড় সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত। তবে সংঘাত বন্ধের তিন মাস পর ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের এই দাবিকে ‘হাস্যকর’ ও ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়েছেন চীনের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ।
সোমবার (১১ আগস্ট) পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, চীনের চারহার ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা ফেলো অধ্যাপক চেং শিজং ভারতের দাবিকে ‘নিজেদের আত্মতুষ্টি’ বা ‘মনে মনে সুখ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে এই দাবির পক্ষে কোনো দৃঢ় প্রমাণ হাজির করা হয়নি, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন তুলেছে। ধ্বংসাবশেষের ছবি, রাডার তথ্য কিংবা অন্য কোনো প্রযুক্তিগত প্রমাণ ভারত প্রকাশ করেনি।
অধ্যাপক চেং আরও উল্লেখ করেন, পাকিস্তান এর আগে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়ে বিপুল পরিমাণ প্রমাণ উপস্থাপন করেছিল, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়। সংঘাত শেষে পাকিস্তান তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করলেও ভারত আজও কোনো প্রমাণ দিতে পারেনি।
তার দাবি অনুযায়ী, বাস্তবে ভারতের হামলায় কোনো পাকিস্তানি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি। বরং পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসসহ বিভিন্ন সামরিক সাফল্য অর্জন করেছে, যা তিনি ‘তর্কাতীত সত্য’ বলে উল্লেখ করেন।















