মুম্বাইয়ে ১,৫০০ মসজিদ থেকে লাউডস্পিকার সরালো পুলিশ
- আপডেট সময় : ০৫:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 48
ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকারের নির্দেশে মুম্বাইয়ের প্রায় ১,৫০০ মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ। বুধবার (২ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী জানান, শহরের সব ধর্মের উপাসনালয়ে শব্দ দূষণ রোধে সমানভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “ধর্মীয় স্থানগুলো থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন এগুলো লাউডস্পিকারমুক্ত।” তার মতে, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কমিশনার ভারতী আরও নিশ্চিত করেন, যেসব স্থানে লাউডস্পিকার সরানো হয়েছে, সেখানে ভবিষ্যতে স্থায়ীভাবে পুনঃস্থাপন করা যাবে না। তবে ধর্মীয় উৎসবের সময়, পূর্ব অনুমতি এবং শব্দ দূষণ আইনের সীমা মেনে অস্থায়ীভাবে লাউডস্পিকার ব্যবহার করা যাবে।
এদিকে স্থানীয় মুসলিমদের অভিযোগ, উগ্র হিন্দুত্ববাদীদের চাপে এবং রাজনৈতিক চাপের কারণে মূলত মসজিদগুলোর উপরেই এই পদক্ষেপ বেশি প্রয়োগ করা হয়েছে। তারা বলছেন, এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যের বহিঃপ্রকাশ।
তবে মুম্বাই পুলিশ দাবি করছে, এই পদক্ষেপের পেছনে কোনো ধর্মীয় পক্ষপাত নেই। বরং তারা আদালতের নির্দেশনা এবং সরকারের শব্দ দূষণ নিয়ন্ত্রণ নীতিমালার আলোকে কাজ করছেন। পুলিশ নিশ্চিত করতে চায়, যেন কোনো উপাসনালয়ই অনুমোদিত মাত্রার বাইরে শব্দ সঞ্চার করতে না পারে।















