হিজড়া সেজে ভারতে ২৮ বছর আত্মগোপন, বাংলাদেশি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 53
অনলাইন ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে হিজড়ার ছদ্মবেশে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকা এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আব্দুল কালাম, যিনি ভোপালে ‘নেহা কিন্নর’ নামে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, মাত্র ১০ বছর বয়সে আব্দুল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। শুরুতে মুম্বাইয়ে প্রায় ২০ বছর কাটানোর পর তিনি ভোপালে চলে যান। গত আট বছর ধরে তিনি বুধওয়ারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং স্থানীয়দের কাছে নিজেকে হিজড়া হিসেবে পরিচয় দিতেন।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, আব্দুল ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং জাল পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশেও যাতায়াত করেন। পুলিশ তার কাছ থেকে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টসহ একাধিক জাল নথিপত্র উদ্ধার করেছে।
তদন্তে উঠে এসেছে, এসব ভুয়া কাগজপত্র ব্যবহার করে তিনি নির্বিঘ্নে আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ এখন বিষয়টি ঘিরে বড় কোনো চক্র বা জালিয়াত চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে। সাইবার ক্রাইম ইউনিট তার মোবাইল ফোন, কল রেকর্ড, বার্তা এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করছে।
ভোপাল পুলিশের সিনিয়র কর্মকর্তা শালিনী দীক্ষিত বলেন, “গোপন সূত্রে তথ্য পেয়ে আমরা তার পরিচয় যাচাই করি এবং পরে তাকে গ্রেপ্তার করি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অভিযান চালানোর সময় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়।”















