ইসরায়েলি সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানে হ্যাকারদের সাইবার হামলা
- আপডেট সময় : ০৫:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 56
অনলাইন ডেস্ক:
ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও গোপন স্থাপনা নির্মাতা প্রতিষ্ঠান ‘বেনসাইমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি’-তে বড় ধরনের সাইবার হামলার দায় স্বীকার করেছে প্রো-রেজিস্ট্যান্স হ্যাকার গ্রুপ ‘সাইবারইসনাদফ্রন্ট’। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হ্যাকার গ্রুপটির দাবি, হামলার মাধ্যমে বেনসাইমনের সম্পূর্ণ অপারেশনাল সিস্টেম অচল করে দেওয়া হয়েছে এবং গোপন সামরিক তথ্য সংগ্রহের পর মূল সার্ভার থেকে সব তথ্য মুছে ফেলা হয়েছে। গ্রুপটির ভাষ্যমতে, এই সংবেদনশীল তথ্য ইতোমধ্যেই প্রতিরোধ ফ্রন্টের ক্ষেপণাস্ত্র ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনসাইমন অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি ইসরায়েলি সেনাবাহিনী, যুদ্ধ মন্ত্রণালয় এবং বিভিন্ন উচ্চ নিরাপত্তার গোপন অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানটি ভূগর্ভস্থ সামরিক টানেল, গোপন স্থাপনা ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সাইবার ইউনিট ৮২০০-এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
সাইবারইসনাদফ্রন্ট জানিয়েছে, এটি তাদের ধারাবাহিক সাইবার অভিযানের অংশ। এর আগেও তারা ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাফায়েল-এর ওপর হামলা চালিয়ে সামরিক সরঞ্জামে কারিগরি ত্রুটি সৃষ্টি করার দাবি করেছিল।
হ্যাকাররা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের সামরিক শিল্প ও প্রতিরক্ষা অবকাঠামোর বড় অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে কিংবা অকার্যকর হয়ে গেছে। ভবিষ্যতেও এ ধরনের সাইবার হামলা অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই সাইবার হামলা ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কের বড় ধরনের দুর্বলতা প্রকাশ করেছে, যা দেশটির সামরিক সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।















