হামলার মধ্যে আলোচনায় অসম্ভব: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
- আপডেট সময় : ১১:২৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 45
অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের জনগণের ওপর বোমা হামলা চলাকালে কোনো ধরনের আলোচনায় যাওয়া সম্ভব নয়।
তিনি অভিযোগ করে বলেন, ‘এই আগ্রাসনে যুক্তরাষ্ট্র প্রথম দিন থেকেই জড়িত।’ যদিও এই দাবি প্রমাণ করতে তিনি কোনো তথ্য উপস্থাপন করেননি। ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘খুবই বিপজ্জনক’ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তবে তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি জানান, আলোচনার দরজা একেবারে বন্ধ নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কূটনৈতিক সমাধানে যেতে ইরান প্রস্তুত।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছিলেন। তবে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয়, সেক্ষেত্রে তিনি হামলা থেকে বিরত থাকবেন বলে জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আগ্রহী। কূটনীতি অতীতেও সফল হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। তবে এর জন্য প্রথমেই হামলা বন্ধ করতে হবে।’
উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে টানা নবম দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ১৩ জুন (শুক্রবার) ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে এই সংঘাত শুরু হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
সূত্র : বিবিসি















