জাতিসংঘে ইরানের প্রতিনিধিকে আক্রমণ ইসরাইলের
- আপডেট সময় : ০৬:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 45
অনলাইন ডেস্ক:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরাইলের প্রতিনিধি ড্যানি ড্যানন। শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে ইরাভানি যখন ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং আইন রক্ষার আহ্বান জানান, তখন ড্যানন পাল্টা কটাক্ষ করে বলেন, “আপনি কোনো ভিকটিম নন, কোনো কূটনীতিকও নন—আপনি একজন নেকড়ে, যিনি কূটনীতিকের মুখোশ পরে আছেন।”
ড্যানন অভিযোগ করেন, ইরান সম্প্রতি ইসরাইলের বিয়ারশেভা শহরে এক হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও ইরান দাবি করছে, তাদের হামলার লক্ষ্য ছিল নিকটবর্তী একটি সামরিক ঘাঁটি, হাসপাতাল নয়।
ইসরাইলি প্রতিনিধি কেবল ইরানকেই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন, “আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমরা কোনো দুঃখ প্রকাশ করি না। হুমকি নিরসনের জন্যও ক্ষমা চাই না।”
বিশ্ব নেতারা যখন উভয় দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছেন, তখন ইসরাইলি দূতের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া কড়া সমালোচনা করে বলেছেন, ইসরাইল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ প্রদর্শন করছে এবং জাতিসংঘ সনদের প্রতি সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালাচ্ছে।
অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইসরাইল ও ইরান উভয়কেই সংযম প্রদর্শনের আহ্বান জানালেও তাৎক্ষণিকভাবে উত্তেজনা হ্রাসের কোনো ইঙ্গিত মেলেনি।















