ইসরায়েলের হামলায় ইরানে ৪৫২ জন নিহত, আহত ৬৪৬
- আপডেট সময় : ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 55
অনলাইন ডেস্ক:
ইসরায়েলের সামরিক হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে এবং আহত হয়েছেন ৬৪৬ জন। এমন তথ্য জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)।
মঙ্গলবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এইচআরএএনএ’র তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক এবং ১০৯ জন সামরিক সদস্য রয়েছেন। আহতদের মধ্যে ১৮৮ জন বেসামরিক এবং ১২৩ জন সামরিক সদস্য। তবে ১১৯ জন নিহত ও ৩৩৫ জন আহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
ইরান সরকার এ পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। তবে এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি বিমান হামলায় দুই শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
প্রসঙ্গত, ১৩ জুন ভোরে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে হঠাৎ করে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর পর থেকে উভয় দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। তবে এই সহিংসতা বন্ধে এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক শান্তি উদ্যোগ দেখা যায়নি।















