‘মুসলিম বিশ্ব আজ এক না হলে কাল সবার পালা আসবে’
- আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 49
অনলাইন ডেস্ক:
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে স্পিকার সরদার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন ও ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর আগ্রাসন চালাচ্ছে। মুসলিম বিশ্ব আজ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আগামীকাল সবার পালা আসবে।’
পাকিস্তান ও ইরানের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। তাদের দুঃখ-কষ্ট আমাদেরও কষ্ট।’
তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে দ্রুত জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ জানান। বলেন, ‘ফিলিস্তিনে শিশুদের হত্যা চলছে। পশ্চিমারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। অথচ মুসলিম বিশ্ব চুপ।’
ইসরায়েলের সঙ্গে কোনো মুসলিম দেশের সম্পর্ক স্থাপনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘ইসরায়েলের হাতে মুসলিমদের রক্ত লেগে আছে। এমন এক হাতের সঙ্গে কিভাবে হাত মেলানো সম্ভব?’
তিনি আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।















