ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি আইআরজিসির নতুন প্রধানের
- আপডেট সময় : ০৫:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 54
অনলাইন ডেস্ক:
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নতুন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইসরায়েলি হামলার জবাবে শিশু হত্যাকারী জায়নবাদী শাসকের ওপর শিগগিরই জাহান্নামের দরজা খুলে যাবে। শুক্রবার (১৩ জুন) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে এক বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
মেজর জেনারেল পাকপুর বলেন, “ইসরায়েলি হামলায় আমাদের শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও নিরীহ সাধারণ মানুষের রক্তের বদলা নিতে এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পালন করতে আমরা সর্বদা প্রস্তুত। ইসরায়েলি শাসকের জন্য কঠিন ও বেদনাদায়ক পরিণতি অপেক্ষা করছে।”
এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানসহ একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলি হাজিজাদে এবং খাতাম আল-আনবিয়া সদর দফতরের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ নিহত হয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার পর ইরান-ইসরায়েল সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।















