নড়াইলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 56
অনলাইন ডেস্ক:
নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্যা (২৬) নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযুক্ত সোহান মোল্যা স্থানীয়ভাবে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।
সোমবার (৯ জুন) নড়াইল সেনা ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৮ জুন) মধ্যরাত থেকে সোমবার (৯ জুন) ভোর ৪টা পর্যন্ত যৌথবাহিনীর এ অভিযান চলে।
সোহান মোল্যা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে এবং খুলনার একটি কলেজের শিক্ষার্থী। স্থানীয়ভাবে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত স্নাইপার রাইফেলটি ব্যবহার করে সোহান এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করতেন। গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনী সোহানের বাড়ি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে রাইফেলটি উদ্ধার করে।
তবে অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। ফলে সোহানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রটি কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং সোহান মোল্যার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি বলেন, “সোহানের বাবাকে আমি চিনি, তবে সোহানকে ততটা ভালোভাবে চিনি না। শুনেছি সে ছাত্রলীগের সঙ্গে জড়িত।”
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. কোবাদ বলেন, “সে ছাত্রলীগের কমিটিতে আছে কি না বলতে পারি না, তবে এলাকায় নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিত।”
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা অস্ত্রটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















