মোহাম্মদপুরের কুখ্যাত টুন্ডা বাবু ফের গ্রেফতার, জামিনে বেরিয়ে চালিয়ে যাচ্ছিল সন্ত্রাস
- আপডেট সময় : ১০:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 50
অনলাইন ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে ফের গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার এই তথ্য জানান।
র্যাব জানায়, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে টুন্ডা বাবু পুনরায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সক্রিয় হয়ে ওঠে। তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে পুনরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। র্যাবের একটি বিশেষ দল তাকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করে।
কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার এবং তার ডানহাত টুন্ডা বাবুকে আগেও গ্রেফতার করা হয়েছিল। তখন কিছুদিন মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই কমে যায়। কিন্তু জামিনে ছাড়া পেয়ে বাবু আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, গত ২৯ জুন রাজধানীর আদাবর থানাধীন এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে টুন্ডা বাবু ও তার সহযোগীরা মাদক ব্যবসায়ী রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে ফের গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ১০টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে মাদক, সন্ত্রাস ও অস্ত্র আইনে একাধিক মামলা।
















