ভারতের ১২ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, সীমান্তে উত্তেজনা চরমে
- আপডেট সময় : ০৮:৩৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 78
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পাঠানো ১২টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। অনুপ্রবেশের সময় সীমান্তবর্তী বিভিন্ন সেক্টরে ড্রোনগুলো গুলি করে নামানো বা আধুনিক প্রযুক্তি ব্যবহারে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শিয়ালকোট সেক্টরে চারটি, বার্নালা, শকরগড় ও কোটলি সেক্টরে আরও তিনটি ড্রোন ধ্বংস করা হয়। পাকিস্তান সেনাবাহিনী জানায়, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে ড্রোন নিয়ন্ত্রণে নিয়ে জব্দ করা হয়েছে। এসব ড্রোনের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর নজরদারি ড্রোন হেরনও ছিল।
এদিকে ভারতের বিমান হামলার একদিন পর বৃহস্পতিবার সকালে পাকিস্তানের লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
সামরিক উত্তেজনার মধ্যে লাহোর ও সিয়ালকোট আকাশপথ সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট রুট পরিবর্তন করে করাচিতে অবতরণ করতে বাধ্য হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক মোড় নিচ্ছে এবং এ অঞ্চলের শান্তি-নিরাপত্তা এখন গুরুতর ঝুঁকির মুখে।















