সেনা অভিযানে মানবিকতা বজায় রেখেছে ভারত: রাজনাথ সিং
- আপডেট সময় : ০২:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 56
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অভিযান নিয়ে দৃঢ় অবস্থান প্রকাশ করে বলেছেন, “আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল।” সীমান্ত রক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থাপনায় ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত দক্ষতা ও মানবিক বিবেচনার কথা তুলে ধরে তিনি বলেন, অভিযানে কোনো বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়নি।
মঙ্গলবার (৭ মে) সীমা সড়ক সংগঠন (বর্ডার রোডস অর্গানাইজেশন) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনা ও নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী আজ দেশবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছে। আমাদের বাহিনী যেসব লক্ষ্য নির্ধারণ করেছে, সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে। এ সময় অসামরিক অবকাঠামো বা নিরীহ মানুষের ওপরে সামান্যতম প্রভাব পড়েনি।”
তিনি বলেন, ভারতের সামরিক বাহিনী শুধু প্রতিশোধের জন্য কাজ করে না, বরং দেশরক্ষায় সচেতন, সংবেদনশীল ও সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে দায়িত্ব পালন করে থাকে।
রাজনাথ সিংয়ের এই বক্তব্য এমন সময় এলো যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা পুনরায় বাড়ছে, এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিতর্কে উভয় দেশের অবস্থান নতুনভাবে আলোচনায় এসেছে।















