হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন আদালতে
- আপডেট সময় : ১০:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 51
স্টাফ রিপোর্টার:
২০১৬ সালে ঢাকার কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত ভবনে কথিত জঙ্গি বিরোধী অভিযানে ৯ জন ইসলামি মনোভাবাপন্ন যুবককে হত্যার অভিযোগে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল ইসলামসহ তিন সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বুধবার (৭ মে) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
হাজির হওয়া বাকি দুই কর্মকর্তা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর জোনের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিমউদ্দিন মোল্লা।
এর আগে গত ৯ এপ্রিল তিনজনকেই প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ২১, ২২ ও ২৩ এপ্রিল তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল।
অভিযোগপত্রে বলা হয়েছে, কল্যাণপুরের জাহাজবাড়ি এলাকায় ২০১৬ সালের অভিযানে ‘জঙ্গি’ দমন অভিযানের নামে পরিকল্পিতভাবে একটি নাটক সাজানো হয় এবং বিচারবহির্ভূতভাবে নয়জন যুবককে গুলি করে হত্যা করা হয়। মামলায় এটি ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত কথিত ‘অভ্যুত্থান পরিকল্পনা’ দমন অভিযানের সময় ঘটে যাওয়া আরেকটি হত্যাকাণ্ডের অভিযোগও যুক্ত রয়েছে।
















