পাকিস্তানে ভারতীয় মিসাইল হামলায় শিশুসহ নিহত ৮, আহত ৩৫
- আপডেট সময় : ০১:৩১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 81
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর গণসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
তুরস্কভিত্তিক আনাদুলু এজেন্সি এবং চীনের সিনহুয়া নিউজ এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদ এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
আইএসপিআর জানিয়েছে, হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। তবে পাল্টা হামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এই ঘটনার পেছনে সাম্প্রতিক উত্তেজনাকর প্রেক্ষাপট রয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন ভ্রমণকারী পর্যটক। ভারতের পক্ষ থেকে ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয়। এর পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও তা ফলপ্রসূ হয়নি।
সবশেষে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পার না হতেই পাকিস্তানের ভূখণ্ডে সরাসরি সামরিক অভিযান চালাল দিল্লি।
এই ঘটনার ফলে উপমহাদেশজুড়ে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।















