ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
- আপডেট সময় : ০৮:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 55
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার (৫ মে) দেশটির সামরিক বাহিনী ১২০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ’ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর বরাতে জানা যায়, এই উৎক্ষেপণ ‘এক্স ইন্ডাস’ নামের একটি সামরিক মহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও নির্ভুলতা পরীক্ষাই ছিল এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য।
উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা। পরীক্ষার পর সেনাবাহিনী প্রধান ও জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান অংশগ্রহণকারী সদস্যদের অভিনন্দন জানান এবং দেশের আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর সক্ষমতার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন।
ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কৌশলগত অস্ত্রভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এটি উন্নত টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যুহ এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতেও পাকিস্তান ৪০০ কিলোমিটার পাল্লার ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল, যা বর্তমানে সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটে ব্যবহৃত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মিরে পেহেলগাম এলাকায় বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে, তার প্রেক্ষাপটে এই উৎক্ষেপণ কৌশলগত গুরুত্ব বহন করে এবং পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের একটি বার্তা হিসেবেই দেখা হচ্ছে।















