কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় ‘গ্রিন চ্যানেল’ চালু করল চীন
- আপডেট সময় : ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 67
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন। ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিশেষ উদ্যোগের আওতায় চালু করেছে ‘গ্রিন চ্যানেল’। এ ব্যবস্থায় এখন থেকে কম সময়ে ও কম ঝামেলায় পাওয়া যাবে চিকিৎসা ভিসা।
রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-চীন স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি চূড়ান্ত হয়।
নতুন ব্যবস্থায় চিকিৎসা ভিসা পেতে আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দিতে হবে না। পরিবর্তে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো আবেদনকারীর জন্য ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে।
চীনা দূতাবাস জানায়, অনলাইনে চিকিৎসা ভিসার আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। ঢাকায় অবস্থিত চায়না ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে দীর্ঘ সময় অপেক্ষা না করেই আবেদন জমা দেওয়া যাবে।
জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব আবেদনকারীর সাক্ষাৎকার প্রয়োজন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হওয়া অসম্ভব এমন আবেদনকারীরা নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকার দিতে পারবেন।
চিকিৎসা ভিসা সম্পর্কিত সহায়তার জন্য দূতাবাস ও ভিসা সেন্টার একটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। এছাড়া সরাসরি যোগাযোগ করা যাবে ঢাকার বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত চায়না ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে।
বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ বাংলাদেশি রোগীদের জন্য যেমন সুফল বয়ে আনবে, তেমনি ভারতের জন্য এটি একটি কৌশলগত ধাক্কা হতে পারে। এতদিন পর্যন্ত চিকিৎসার জন্য বাংলাদেশের বড় একটি অংশ ভারতের বিভিন্ন হাসপাতালমুখী হতো।
সূত্র: চীনা দূতাবাস, ঢাকা















