ভারতের জন্য ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করলো যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৫:৫০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 84
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এই পদক্ষেপ দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (DSCA) সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে এবং বিষয়টি কংগ্রেসেও উপস্থাপন করা হয়েছে।
এই সম্ভাব্য সামরিক সহায়তা ‘ফরেন মিলিটারি সেলস’ (FMS) পদ্ধতিতে সরবরাহ করা হবে। এটি যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির আওতাধীন সহযোগিতার অংশ। এই উদ্যোগের লক্ষ্য হলো সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি করা, যা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের মেরিটাইম সচেতনতা উন্নয়নে সহায়তা দিতে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য সামরিক চুক্তি অনুমোদন করা হয়েছে।”
ডিএসসিএ-র ভাষ্য অনুযায়ী, এ ধরনের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থেও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করে, যাতে তারা সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত-যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে চীনকে ঘিরে উভয় দেশের নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে এ সম্পর্ক আরও জোরালো হচ্ছে।
এ চুক্তি বাস্তবায়িত হলে ভারত পাবে উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম, যা তাদের সামুদ্রিক নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।















