ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার, যৌথ টহলে আরপিএফ ও বিএসএফ
- আপডেট সময় : ০৮:৫৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 64
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ও সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে টহল শুরু করেছে। শুক্রবার (২ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলপথের যেসব অংশ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে গেছে, সেখানে নিরাপত্তা নিশ্চিতে এ যৌথ টহলের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত রেলওয়ের সম্পদ রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।
ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য অনুপ্রবেশ ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে। তিন বাহিনীর এই সমন্বিত টহল অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর গত এক বছরে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এসব ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে।
এনডিটিভি উল্লেখ করেছে, দীর্ঘদিন ধরেই এই সীমান্ত অঞ্চলটি রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা বর্তমানে নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারির আওতায় এসেছে।
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।















