কাশ্মীর সীমান্তে টানা চতুর্থ রাতেও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
- আপডেট সময় : ০৮:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 64
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা চতুর্থ দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) রাতেও সীমান্তে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এনডিটিভি জানায়, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করেছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি এবং দেশটির সংবাদমাধ্যমেও এ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ২৭ থেকে ২৮ এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা ও পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাঘাঁটি থেকে হঠাৎ করে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনারা তাৎক্ষণিক এবং কার্যকরভাবে এর ‘উত্তর’ দেয় বলে বিবৃতিতে দাবি করা হয়।
বিশেষ করে, এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের সেনারা গুলি চালিয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় সেনাবাহিনী। এলওসি বরাবর সাম্প্রতিক এই উত্তেজনা দুই দেশের মধ্যে পুরনো সংঘাতের আবহকেই যেন নতুন করে উস্কে দিল।















