পাচারের ২৫ বিলিয়ন ডলার ফেরাতে চায় বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 117
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, অর্থপাচারকারীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে এই অর্থ সরিয়ে নিয়েছে। এসব অর্থ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান, গত পাঁচ মাসে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, ফলে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে পৌঁছেছে। তিনি বলেন, অর্থপাচার কমে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় এই পরিবর্তন সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, কিছু ব্যাংকের ঋণের ৮৭ শতাংশই একজন গ্রাহক নিয়েছেন, যা দুঃখজনকভাবে বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনা কঠিন হলেও, ব্যাংক কোম্পানি আইনের খসড়া তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ঋণ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।
গভর্নর আশাবাদ ব্যক্ত করেন যে, পাচারকৃত অর্থ ফেরত আনার প্রচেষ্টা দেরিতে হলেও সফল হবে এবং এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “টাকা ফেরত এলে তো ভালো, না এলেও টাকা পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না।”
















