মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে শত শত মৃত্যুর আশঙ্কা, ব্যাংককে নিখোঁজ ৭০ শ্রমিক
- আপডেট সময় : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 92
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে উদ্ধারকারী দলের একজন সদস্য বিবিসিকে জানিয়েছেন, “ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক। মৃত্যুর সংখ্যা বহু হতে পারে। উদ্ধার অভিযান চলমান থাকায় এখনো সঠিক সংখ্যা জানা যায়নি, তবে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।”
শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব শুধু মিয়ানমারে সীমাবদ্ধ থাকেনি, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও এর ব্যাপক প্রভাব পড়েছে। ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে অন্তত ৭০ জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর ১টা ২ মিনিটে আরও একটি ৬ দশমিক ৮ মাত্রার আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মিয়ানমারের সরকার ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে দেশটির সামরিক সরকার।
ভূমিকম্পের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের মেট্রো ও রেল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, মিয়ানমারে ভূমিকম্পের পর ব্যাংককেও এর মারাত্মক প্রভাব পড়েছে।
থাইল্যান্ডের জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে, রাজধানী ব্যাংককে ধসে পড়া একটি ভবনের নিচে অন্তত ৭০ জন শ্রমিক আটকা পড়েছেন। এর আগে নিখোঁজ শ্রমিকের সংখ্যা ৪৩ জন বলা হলেও পরে তা বাড়ে। ফেসবুকে এক পোস্টে সংস্থাটি জানায়, ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন শ্রমিক কর্মরত ছিলেন, যাদের মধ্যে অন্তত ২০ জন লিফটের খাদে আটকা পড়েছেন। ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।
শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাব শুধু মিয়ানমার ও থাইল্যান্ডেই সীমাবদ্ধ থাকেনি। চীনের ইউনান প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের কলকাতা ও মণিপুরের কিছু অংশেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশেও রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
উদ্ধারকাজ এখনো চলছে, এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।















