গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিকসহ নিহত ৬৫
- আপডেট সময় : ০৭:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 74
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু এবং দুই সাংবাদিক রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সোমবার (২৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের হামলায় আল জাজিরা মুবাশ্বের চ্যানেলের সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এর আগে, প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুর দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, মনসুর তার স্ত্রী ও ছেলের সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন, সেখানে কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়াই হামলা চালানো হয়।
ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় অন্তত ২০৮ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।
ফিলিস্তিনি চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সোমবার গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের ওপর ইসরাইলি হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হন। এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-আওদা হাসপাতাল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ৫০,০৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৪০৮ জন আহত হয়েছেন।
এদিকে, ইসরাইলি হামলার কারণে গাজার বহু বাসিন্দা অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।















