নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৪:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 41
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে দেশে ও বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করতে পুলিশ বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন, “মহানগর পুলিশ অতীতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। একসময় আমরা যে ভঙ্গুর অবস্থায় ছিলাম, এখন তা কাটিয়ে অনেকটাই পেশাদারিত্বে ফিরেছি। এ ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির সেবা আরও উন্নতভাবে চালিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করে আরও উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।














