সৌদি-বাংলাদেশ নতুন চুক্তি, বাড়ছে প্রবাসীদের সুযোগ
- আপডেট সময় : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 44
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি নতুন চুক্তি হতে যাচ্ছে, যা এখনো ভারত বা পাকিস্তানের সঙ্গে নেই। এই চুক্তির ফলে বাংলাদেশি অভিবাসীরা বাড়তি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “জুলাই আন্দোলনের সময় রেমিট্যান্স যোদ্ধারা নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে সমর্থন জানিয়েছিলেন। তাদের এই অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।” তিনি আরও বলেন, “সরকার প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। এর অংশ হিসেবে প্রবাসীদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণকারীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “অন্ধভাবে বিদেশে পাড়ি জমাবেন না। কোথায় যাচ্ছেন, কী কাজ করছেন—এসব বিষয়ে আগে খোঁজখবর নিন। বরং সামর্থ্য থাকলে দেশে থেকেই ব্যবসা শুরু করা ভালো।”
দেশের সুনাম রক্ষায় প্রবাসীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা বিদেশে শুধু ব্যক্তিগতভাবে নয়, বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করছেন। সুতরাং এমন কিছু করা উচিত নয় যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
প্রবাসী আয় প্রসঙ্গে উপদেষ্টা জানান, ২০২৪-২৫ অর্থবছরে (২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত) বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬.৮০ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এই আয় ছিল ২৩ হাজার ৯১২ মিলিয়ন ডলার। এ অর্জনের ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। তিনি মনে করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে প্রবাসীরা বাড়তি রেমিট্যান্স পাঠাচ্ছেন।
আন্তর্জাতিকভাবে রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বাংলাদেশ সপ্তম অবস্থানে উঠে এসেছে। এ অর্জনে সরকারের পাশাপাশি প্রবাসীদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।














