যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের কূটনৈতিক বিজয়
- আপডেট সময় : ০৩:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / 38
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সম্পাদনকে ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে প্রধান উপদেষ্টার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরেন।
ড. ইউনূস বলেন, “শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা— যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম— এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাদের অটুট প্রতিশ্রুতির এক উজ্জ্বল প্রমাণ।” তিনি জানান, ট্যারিফ, অ-ট্যারিফ এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট জটিল আলোচনা সত্ত্বেও বাংলাদেশের আলোচক দল ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে চুক্তিটি সফলভাবে চূড়ান্ত করেছে।
চুক্তিটির ফলে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং দেশীয় স্বার্থ দৃঢ়ভাবে সংরক্ষিত হয়েছে বলেও জানান তিনি। ড. ইউনূস বলেন, “এই সাফল্য কেবল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানের স্বীকৃতি নয়, বরং এটি দ্রুত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির নতুন দ্বার খুলে দিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আজকের এই সাফল্য জাতির দৃঢ়তা ও আমাদের সাহসী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে আরও উজ্জ্বল।”














