জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৬০ হাজার সেনা মোতায়েন, দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ
- আপডেট সময় : ০২:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / 39
অনলাইন ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।” তিনি আরও বলেন, “নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক প্রস্তুতি গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অস্থিরতা মোকাবিলার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সভায় আলোচনা হয়।














