নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার
- আপডেট সময় : ০৩:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 35
অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তিগুলো নানা ষড়যন্ত্রের মাধ্যমে আসন্ন নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ইউনূস বলেন, অভ্যুত্থানের পর সব পক্ষের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন না করতে পারলে দেশের জন্য বড় সুযোগ হাতছাড়া হবে। তিনি অভিযোগ করেন, “পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে, গণ্ডগোল সৃষ্টি করছে এবং দেশের স্বাভাবিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে। নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সময় বারবার ষড়যন্ত্র দেখা দিলেও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, কারণ ফ্যাসিবাদ প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ।”
সভায় উপস্থিত নেতারা প্রধান উপদেষ্টাকে আশ্বাস দেন যে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। বৈঠকে জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন্যশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, এনডিএম-এর ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী অংশ নেন।
বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।














