গুজব এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিমান বাহিনী প্রধানের
- আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 39
অনলাইন ডেস্ক:
দেশের বিপদের মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপতথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, যা দুঃখজনক। এখানে গোপন করার কিছু নেই, কারণ আমরা সবাই একই দেশের মানুষ।
মঙ্গলবার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে কুর্মিটোলার বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গুজব ছড়িয়ে দেশের এই গুরুত্বপূর্ণ স্তম্ভকে দুর্বল না করার অনুরোধ জানান তিনি।
বিমান বাহিনী প্রধান জানান, হতাহতের সব তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না। প্রতিটি বিমানের নির্দিষ্ট লাইফ টাইম থাকে, তবে সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়, যাতে পুরোনো প্রযুক্তি থাকলেও বিমানগুলো কার্যক্ষম থাকে।
হাসান মাহমুদ খাঁন আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ঘটনার কারণ উদঘাটন করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার সময় পাইলট তৌকির ইসলাম বিমানটিকে খালি জায়গায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী, সেবাদানকারী সংস্থা, শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ জনগণ সবাই মিলে পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।














