প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ পৃথক করার সিদ্ধান্ত নিল জাতীয় ঐকমত্য কমিশন
- আপডেট সময় : ০৭:১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 41
অনলাইন ডেস্ক:
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৭তম দিনের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত জানিয়েছে যে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। মঙ্গলবার (২২ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আলী রীয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত হলেও কিছু দল এর বিরোধিতা করেছে। বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আমজনতার দল একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা থাকায় কোনো সমস্যা দেখছে না। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অধিকাংশ দল একাধিক পদে না থাকার পক্ষে অবস্থান নিয়েছে।
কমিশন জানিয়েছে, যেসব দল এই প্রস্তাবে একমত নয়, তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট (আপত্তি) জমা দিতে পারবে। আলী রীয়াজ দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।
মঙ্গলবারের আলোচনায় প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ পৃথককরণ ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করা হয়।














