এনসিপি নেতা জাহিদ হোসেনের বাড়িতে মধ্যরাতে তালা ভেঙে তছনছ
- আপডেট সময় : ০২:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / 45
অনলাইন ডেস্ক:
ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক এসএম জাহিদ হোসেনের বাড়িতে মধ্যরাতে রহস্যজনকভাবে তালা ভেঙে তছনছের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে শহরের আলিপুর এলাকায় তার বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীরে দেয়াল টপকে এসএম জাহিদ হোসেনের বাসার মূল ফটক ও দোতলার কয়েকটি রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা। তারা স্টিলের আলমারি, ওয়ারড্রব ভেঙে তল্লাশি চালালেও কিছু চুরি হয়নি বলে জানা গেছে। সে সময় জাহিদ হোসেন ও তার ছেলে একটি রুমে অবস্থান করছিলেন, যেটির দরজা ভেতর থেকে লক থাকায় দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করতে পারেনি।
মঙ্গলবার সকালে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি, তবে পুলিশ বলছে তদন্ত চলছে।
এসএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাটি নিছক চুরি নয় বলে তিনি মনে করছেন। তার ভাষায়, “চুরি করতে এলে তারা আমার মায়ের নিচতলার রুমে চুরি করত। কিন্তু তারা শুধু দোতলায় আমার রুমেই তল্লাশি চালিয়েছে।”
ঘটনাস্থলে পাওয়া গেছে তালা কাটার একটি কাঁচি এবং দুই জোড়া স্যান্ডেল। ভোরের আজানের সময় ও আশপাশে মুসল্লিদের চলাচল শুরু হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার পর থেকে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় সূত্র জানিয়েছে, জাহিদ হোসেন সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় তার ওপর আক্রমণের আশঙ্কা ছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান জানান, “আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে।”
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন।














