ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের পর্যায়ে: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 75
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তা এখন আর নেই—বর্তমানে দুই দেশের সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক ‘শীতল’ নয়।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক শীতল—এটা আমি বলব না। এটি একটি রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি। আর এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো স্বদিচ্ছার অভাব নেই। এটুকুই বলব।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা বরং সত্যটা স্বীকার করছি। আগের সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সময় ভারতও একইভাবে সম্পর্ক গড়ে তুলেছিল। এখনকার সম্পর্কটা আর সেইরকম নেই। তাই এটিকে আমরা ‘পুনর্বিন্যাস’ বলছি।”
তিনি জানান, এই পুনর্বিন্যাস কেবল রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্র মিলিয়েই।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, “মিয়ানমারের সঙ্গে আমাদের সরাসরি কোনো দ্বন্দ্ব নেই। একমাত্র সমস্যা হচ্ছে রোহিঙ্গা সংকট। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে—রোহিঙ্গাদের মিয়ানমারে স্বাভাবিক, নিরাপদ জীবনে ফিরিয়ে নেওয়া। আন্তর্জাতিক মহল এ বিষয়ে একমত হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো সফলতা আসেনি।”
তিনি বলেন, “আমরা স্বীকার করছি—রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এখনো কার্যকর কিছু করতে পারিনি। তবে আশা করছি, ভবিষ্যতে এতে অগ্রগতি হবে।”














