হাসিনার সেই ‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক অ্যাকাউন্ট-সঞ্চয়পত্র ফ্রিজ
- আপডেট সময় : ০১:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 69
অনলাইন ডেস্ক:
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, যিনি ‘৪০০ কোটি টাকার পিয়ন’ হিসেবে পরিচিত, তার দুইটি ব্যাংক অ্যাকাউন্ট ও একটি সঞ্চয়পত্রে থাকা মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল মামলার তদন্তসাপেক্ষে এই টাকা ফ্রিজ করার আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মো. জাহাঙ্গীর আলম তার নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি, তার ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকে ২৩টি অ্যাকাউন্টে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে।
এছাড়া, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার মালিকানাধীন অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা আদালতের বিচারে সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তাই, মামলার চার্জশিট আদালতে দাখিলের পর যেন সরকারের অনুকূলে এসব অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হয়, সে লক্ষ্যে আপাতত সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র ফ্রিজ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি করা হয়।
দুদকের এ মামলায় মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি ঘিরে জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।














