বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 64
অনলাইন ডেস্ক:
বাংলাদেশে ফেনসিডিল পাচারের উদ্দেশ্যেই ভারত এ মাদকদ্রব্য উৎপাদন করে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশে মাদক পাচারের উৎসস্থল মূলত দুটি দেশ—ভারত ও মিয়ানমার। ভারত থেকে আসে ফেনসিডিল, যা মূলত বাংলাদেশে পাচারের জন্যই উৎপাদিত হয়। অন্যদিকে, ইয়াবার প্রধান প্রবেশপথ মিয়ানমার সীমান্ত।”
তিনি আরও বলেন, “বর্তমানে দেশে দুটি বড় সমস্যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি—একটি দুর্নীতি, অন্যটি মাদক। এই দুইটি বিষয় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারত ও মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশকারী মাদকদ্রব্য ঠেকাতে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারের বহুমুখী পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে মাদক সমস্যার কঠোর দমন সম্ভব হবে।














