অপরাধ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন
- আপডেট সময় : ০৪:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 52
অনলাইন ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না নিয়েই প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার মতো অপরাধ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার (১৭ জুন) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শপথ গ্রহণ না করেই নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে ইশরাক হোসেন নগর সেবায় বিঘ্ন ঘটাচ্ছেন। প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় কোনো অধিকার নেই তার। উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ অবস্থায় নাগরিক সেবাদান শতভাগ ব্যাহত হতে পারে।
আসিফ মাহমুদ আরও বলেন, ‘ইশরাক হোসেন অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। কিন্তু নেতাকর্মীদের নিয়ে নগর ভবনের অফিস দখল করেছেন।’ নাগরিক সেবায় ব্যাঘাত ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সাম্প্রতিক দুই দিনে ইশরাক হোসেন নগর ভবনে একাধিক সভায় অংশ নেন। এসব সভার ব্যানারে তাকে ‘মাননীয় মেয়র’ হিসেবে সম্বোধন করা হচ্ছে। আইনজীবী ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, শপথ ছাড়া এভাবে মেয়রের দায়িত্ব পালন করা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন।
সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, ‘এভাবে চলতে থাকলে সিটি করপোরেশনে অচলাবস্থা তৈরি হবে। সমাধানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে।’
উল্লেখ্য, সোমবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ‘পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রায় ৭০ জন পরিচ্ছন্নতা পরিদর্শক ও বিএনপি–সমর্থিত সাবেক কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন ইশরাক হোসেন। সভার ব্যানারে তাকে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ হিসেবে উল্লেখ করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই সভা।














