পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 41
অনলাইন ডেস্ক:
মাঠ পর্যায়ে নিয়মিত পুলিশের কাছে রাইফেলের মতো হালকা অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে।
শনিবার সকালে রাজধানীতে এপিবিএনের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক ঈদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। যদিও ছোটখাটো চুরি বা ছিনতাইয়ের কিছু ঘটনা ঘটেছে, তবে বড় কোনো সমস্যা দেখা যায়নি। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিরই প্রমাণ। তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে আরও উন্নত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এপিবিএন সদস্যদের কাছে ভারী অস্ত্র থাকার বিষয়ে তিনি জানান, সাধারণ পুলিশের সঙ্গে এপিবিএনের নিয়ম এক নয়। প্রয়োজনে যুদ্ধ পরিস্থিতিতে এপিবিএন সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সারিতে থেকে লড়াই করবে। সে জন্য তাদের কাছে অন্যান্য বাহিনীর চেয়ে আলাদা ও ভারী হাতিয়ার থাকবে। তবে প্রতিটি বাহিনীরই সদস্যদের কাছে তাদের কার্যক্রমের উপযোগী অস্ত্র রাখা হবে।














